লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ। বুধবার ভোরে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের ইসলামপুরের দুলাল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, হত্যার পর জাহিদুলের লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেছে বিএসএফ।

জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও ৫ নম্বরের সাব পিলার পাশ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ৭-৮ জন বাংলাদেশি ভারত থেকে গরু আনতে যায়। তারা বিএসএফ’র কৌশিক ক্যাম্প ও রতনপুর ক্যাম্পের মাঝামাঝি সীমান্তে পৌঁছালে রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল নিহত ও আরো একজন আহত হন। পরে বিএসএফ লাশ নিয়ে যায়।

পাটগ্রামের শমসের নগর বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল বলেন, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফকে কড়া প্রতিবাদ পত্র পাঠিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার