
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে টিসিবির দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় আদিতমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী টিসিবি ডিলার নুর বক্ত মিয়া পলাশী ইউপির মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান পলাশী ইউপির নামুড়ি বাজারের টিসিবি ডিলার নুর বক্তের ভাই নুরে আলম। পরে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যানের নাতিও সৌদিতে যান। নুর বক্তের ভাইয়ের কাগজ সঠিক থাকলেও চেয়ারম্যানের নাতির কাগজ ঠিক না থাকায় তিনি অবরুদ্ধ রয়েছেন।
তার নাতিকে সৌদিতে বিক্রি করা হয়েছে এ অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুর বক্তের টিসিবির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাধা দিলে ডিলার নুর বক্তকে এলোপাতারি মারধর করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুলও গুরুতর আহত হন। এ সময় দোকানে থাকা টিসিবির পণ্য বিক্রির দুই লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা।
বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় টিসিবি ডিলার নুর বক্ত বাদী হয়ে ৯ জুন ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় বুধবার সকালে আদিতমারী এলাকা থেকে ইউপি চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করে পুলিশ।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।