উন্নয়ন দেখেই মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় : কাদের

অনলাইন ডেস্ক:

উন্নয়ন অর্জন দেখেই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভার আগে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন অর্জন করেছেন তা দেখে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। বিএনপির এমন কোনো উন্নয়ন অর্জন নেই যে তারা তা দেখিয়ে দেশের মানুষের কাছে ভোট চাইবে। কোনো উন্নয়ন অর্জন নেই বলেই দেশের মানুষ তাদের ভোট দেয় না।

তিনি আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচির নামে বিএনপির ইতিহাস বিকৃতির আস্ফালন জাতিকে হতাশ করেছে। তাদের এ কর্মসূচি লোক দেখানো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের মাঠে বিএনপি কোনো সাড়া পাচ্ছে না। ভোট নেই বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি। নিজেদের ব্যর্থতার দায় নির্বাচন কমিশন, সরকার ও জনগণের ওপর চাপাতে চেষ্টা করছে।

তিনি আরো বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির এ পরিণতি। দলটির প্রতি জনগণের আর আগ্রহ জাগবে না। বিএনপির মরা নদীতে আর ঢেউ উঠবে না। তাই বিএনপিকে নেতিবাচক ধারা পরিবর্তন করে ইতিবাচক ধারায় ফিরে এসে দেশের মানুষের জন্য রাজনীতি করার আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, মাহাবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply