
নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির যে স্বপ্ন ছিল, তা ধ্বংসের পথে। আগে বলেছিলাম, জাপা লাইফ সাপোর্টে। আজ বলছি, দলের অবস্থা বিধ্বস্ত। কথাগুলো বলেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।
গত ২২ মার্চ বিকেল পৌনে ৩টার দিকে ছেলে এরিককে সঙ্গে নিয়ে রংপুরের পল্লীনিবাসে এরশাদের কবর জিয়ারতের সময় বিদিশা সাংবাদিকদের এসব কথা বলেন।
এদিন এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের নেতাদের সঙ্গে এরশাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদিশা ও এরিক এরশাদ।
এরশাদের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী জাতীয় পার্টির নেতারা পালন করতে ব্যর্থ হয়েছেন দাবি করে বিদিশা বলেন, এরশাদের জন্মদিন উপলক্ষে যেভাবে অনুষ্ঠান করা উচিত ছিল, তা হয়নি। যারা এসব দায়িত্বে ছিলেন, তারা দায়সারাভাবে দিবসটি পালন করেছেন। অথচ আমরা মাসব্যাপী কর্মসূচি দিয়েছি।
তিনি আরো বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে নতুন করে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে কাজও শুরু করেছি। তৃণমূল থেকে মাঠে নেমে কাজ করছি। এখানে ছেলে এরিককে নিয়ে কবর জিয়ারত করতে এসেছি। কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আসিনি।
এ সময় উপস্থিত ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, মহাসচিব আক্তার হোসেন, ট্রাস্টের পরিচালক ও উপদেষ্টা কাজী রুবায়েত হাসান ও জাপা নেতা ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার