থলের বিড়াল বেরিয়ে আসায় থেমে গেছে অভিযান :রিজভী

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের মধ্যে ইলিউশন তৈরি করতে ক্যাসিনো, জুয়া এবং মাদকবিরোধী কথিত শুদ্ধি অভিযান শুরু করেছিল। ৬-৭ জনকে ধরার পর থলের বিড়াল বেরিয়ে আসার কারণে সেই লোকদেখানো অভিযান থেমে গেছে।’

গতকাল দলের নয়া পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ-যুবলীগের মাঝারি নেতাদের ঘরে ঘরে অবৈধ টাকার সিন্দুক, ভল্ট, কাড়িকাড়ি টাকা, সোনাদানার খনি আবিষ্কার হওয়ার পর বড়ো নেতারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। চারদিক থেকে যখন রাঘববোয়ালদের বিরুদ্ধে অভিযানের দাবি জোরালো হচ্ছে তখনই থামিয়ে দেওয়া হয়েছে অভিযান। রাঘববোয়াল ও দুর্নীতির রথী-মহারথীদের সুতার টানে এগোতে পারছে না অভিযান। চুনোপুঁটিদের অফিস, বাড়িতে সিন্দুকে শত শত কোটি টাকার স্টক। সহজেই অনুধাবন করা যাচ্ছে, রাঘববোয়ালদের কাছে রয়েছে রাষ্ট্র লুট হওয়া লক্ষ কোটি টাকা। দুর্নীতিবিরোধী কথিত অভিযানে সরকারের দুর্নীতির নগ্ন চেহারাই উন্মোচিত হয়নি, এ সরকার নিজেদের দলীয় স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কতটা অথর্ব অপদার্থ প্রতিষ্ঠানে’ পরিণত করেছে তারও প্রমাণ মিলেছে।’

সূত্র:- দৈনিক ইত্তেফাক (৩০.০৯.২০১৯)

Leave a Reply