
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের আচরণ ক্ষমার অযোগ্য অপরাধ। আদালত প্রাঙ্গণে তারা রণাঙ্গন সৃষ্টি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নানা দুরভিসন্ধি করছে এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনেও তাদের কারসাজি রয়েছে। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত দপ্তর উপকমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নয় যে, রাজনৈতিকভাবে সরকার মুক্তি দিতে পারে। এটা দুর্নীতির মামলা। আর দুর্নীতির মামলায় সরকারের কিছু করার নেই। এটা আদালতের বিষয়। আজকে তারা কথায় কথায় বলে রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। এটা মিথ্যা এবং সত্যের অপলাপ। বিষয়টি জেনেশুনেই তারা মিথ্যাচার করছে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি পদে কোনো পরিবর্তন আসবে না। আমাদের সভাপতি শেখ হাসিনা। তিনি ছাড়া আর কেউই অপরিহার্য না। তিনি এখনো আমাদের জন্য প্রাসঙ্গিক অপরিহার্য। তৃণমূল পর্যন্ত সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি বলেন, এর পরের পদটা কাউন্সিলরদের মাইন্ড সেট করে দেয়। আর দল কীভাবে চলবে, কাকে দিয়ে চলবে সেটাও তিনি ভালো করে জানেন। তিনি যেটা ভালো মনে করবেন তাই করবেন। এ ব্যাপারে কারো কোনো কথা থাকবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা একেক জন একেক কথা বলেন। কেউ বলেন দুর্বার আন্দোলন ছাড়া মুক্তি নেই, আবার কেউ বলেন আন্দোলন করার সময় এখনো হয়নি। এখানে আমাদের কি করার আছে। রাজনৈতিক মামলা হলে মুক্তির বিষয়টা আমরা বিবেচনা করতাম। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। তাই অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার দুরভিসন্ধি ছাড়া তাদের এখন আর কিছুই করার নেই। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি আদালত প্রাঙ্গণ ও আদালতের ভেতরে যে হট্টগোল করেছে সেটাই এখন তাদের রাজনীতি। তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করে উসকানি দেবে। দ্রব্যমূল্য অস্বাভাবিক করার পেছনেও তাদের কারসাজি আছে, সেটা আমরা তদন্ত করে দেখছি। কখনো তারা নীরব নেই, তারা প্রত্যেকটি ঘটনায় ইন্ধন দিচ্ছে।
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দপ্তর কমিটির আহ্বায়ক পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: ইত্তেফাক।