নৌকার ব্যাকগিয়ার নেই

নিউজ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের আতিকুল ইসলাম বলেন, নৌকার কোনো ব্যাকগিয়ার নেই। নৌকা জনগণকে নিয়ে এগিয়ে চলবে।

আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের একটি ভিশন আছে। সেটিকে সামনে রেখে ঢাকা মহানগর গোছানো হচ্ছে। আমার বিশ্বাস জনগণের সমর্থন আছে নৌকায়। আমি আগেও বলেছি, নৌকার কোনো ব্যাকগিয়ার নাই, আল্লাহর রহমতে নৌকা এগিয়ে চলবে। সবাইকে নিয়েই এই নির্বাচনে আমরা জয়ী হব।’

বিএনপির ইভিএম বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, ৩০ জানুয়ারি যে নির্বাচন হবে আমার বিশ্বাস সবাই এতে অংশ নেবে। এখন কেউ যদি প্রথম থেকেই বলে যে তারা মাঠে থাকতে পারবে না, এটি তারা কীভাবে বলেন এটি আমার প্রশ্ন। আমাদের নির্বাচন কমিশন আছে, এখানে ইভিএমে ভোট হবে।

ক্যাসিনোবাজ দুর্নীতিবাজ কাউন্সিলর বরদাশত করা হবে না জানিয়ে আতিক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত তিন দিন রুদ্ধদ্বার মিটিং হয়েছে, এখানে যে ইলেকশন বোর্ড ছিল তারা কিন্তু সুন্দরভাবে কাজ করেছে। সবাই মিলে চেষ্টা করেছেন নগরীতে সুন্দর একটি কাউন্সিল গঠনের জন্য। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি যেভাবে বলেছেন জঙ্গি আর দুর্নীতির স্থান হবে না, আমি মনে করি কোনো কাউন্সিলর যদি ক্যাসিনোবাজ কিংবা দুর্নীতিবাজ হয় সেটি বরদাশত করা হবে না।’

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এক প্রশ্নে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা কোনো শোডাউন করে আসিনি। বাইরে যখন তা দেখেছি, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। এছাড়া এখানে অনেক কাউন্সিলর প্রার্থীও এসেছেন। তাদের মধ্যেই আমাকে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএর সাবেক সভাপতি এম সিদ্দিকুর রহমান প্রমুখ।

সূত্র: ইত্তেফাক অনলাইন।