
অনলাইন ডেস্ক:
সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক গোলাম রহমান এবং তার স্ত্রী, ছেলেসহ পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তার পুত্রবধূ ও গৃহকর্মীও রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
গুলশানের নিকেতনে পরিবারসহ বসবাস করেন অধ্যাপক গোলাম রহমান। গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে বলে অধ্যাপক গোলাম রহমান জানিয়েছেন।
অধ্যাপক রহমান জানান, পরিবারের পাঁচজনের করোনা ভাইরাস পজিটিভ। এর মধ্যে চারজন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। চারজনের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। তবে তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।