অসত্য তথ্য দিয়ে এমপিও হলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:

অসত্য তথ্য দিয়ে এমপিওভুক্ত হলে এমপিওভুক্তির আদেশ কার্যকর হবে না এবং অসত্য তথ্যদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যেসব তথ্যের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে, এর বাস্তব সত্যতা যাচাই সাপেক্ষে এমপিওভুক্তির আদেশ কার্যকর হবে।

রবিবার বিকালে নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, অতিরিক্ত সচিব জাকির হোসেন ভুঁইয়া প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী বা কুখ্যাত ব্যক্তিদের নামে প্রতিষ্ঠিত চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর নাম যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক শিক্ষা মন্ত্রণালয় পরিবর্তন করে চলেছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান থাকলেও এ সংক্রান্ত সব তথ্য মন্ত্রণালয়ে নেই। বিষয়টি স্থানীয় পর্যায় থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, স্থানীয় প্রশাসন, জনগণ, শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আনলে শিক্ষা মন্ত্রণালয় তাত্ক্ষণিক এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে। এবারের এমপিওভুক্তির ব্যাপারে কোনোরকম রাজনৈতিক বিবেচনা করা হয়নি, শুধু যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়েছে। তিনি জানান, এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির আবেদনের পর যে প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে সেখানে এমপিওভুক্তির আদেশ কার্যকর হবে না। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আবারও নিম্ন মাধ্যমিক হিসেবে এমপিওভুক্তি হয়েছে কি না তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইত্তফাক (২৮.১০.২০১৯)

Leave a Reply