
মোবাশ্বের আহমেদ (বেরোবি):
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ’র সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিতি এবং দুর্নীতির হাওয়া ভবন খ্যাত ঢাকা লিয়াজোঁ অফিস বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১জানুয়ারি) দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ১৩০০ দিনের মধ্যে ১১০০ দিনই ক্যাম্পাসে অনুপস্থিত ছিলন এবং ক্যাম্পাসে না এসে ঢাকা লিয়াজোঁ অফিস থেকে তিনি একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে চলেছেন। একের পর এক বিতর্কিত কর্মকান্ডের জন্ম দিয়ে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছেন তিনি।
শিক্ষার্থীরা আরও জানান, বিভাগের যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে একাই অনেকগুলো বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব নিজের কাছে কুক্ষিগত করে রেখেছন উপাচার্য। তিনি সার্বক্ষণিক ঢাকায় অবস্থান করার কারণে বিভিন্ন সময় বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হয়রানির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে ক্যাম্পাস উপাচার্যের উপস্থিতির দাবি জানান।
এম২৪নিউজ/আখতার