কলিমউল্লাহ’র বিদায় উপলক্ষে বেরোবিতে মিষ্টি বিতরণ

মোবাশ্বের আহমেদ:

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বিদায় গ্রহণ করায় ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৩ জুন) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, ড. কলিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় ২০১৭ সালের ১ জুন। সে হিসেবে চলতি বছরের ৩১ শে মে তার ৪ বছর মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি ২০১৭ সালের ১৪ জুন ক্যাম্পাসে যোগদান করায় ২০২১ সালের ১৩ জুন ক্যাম্পাস থেকে বিদায় নেন।

রবিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিদায় গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে, তার বিদায় গ্রহণের খবরে উল্লাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কলিমউল্লাহ’র বিদায় উপলক্ষে ক্যাম্পাসের জিরো পয়েন্টে তার কুশ পুত্তলিকা উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ফটকা ফোটানো হয়। এসময় পুরো ক্যাম্পাসে পরস্পরের মাঝে মিষ্টি বিতরণ করেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া, শেখ রাসেল মিডিয়া চত্ত্বরে আগরবাতি প্রজ্জ্বলন করা হয়। সবশেষে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে কলিমউল্লাহ’র বিদায়ে গণক্রন্দন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এরআগে রবিবার সন্ধ্যায় উপাচার্য হিসেবে চার বছর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদন জানান বিদায়ী উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়াও তিনি বিভিন্ন গনমাধ্যমের কর্মীসহ সুধীজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলিমউল্লাহ’র বিদায় উপলক্ষে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। -এম২৪নিউজ

উল্লেখ্য, মেয়াদের ৪ বছর দায়িত্ব পালনকালে কর্মচারী দিয়ে পরীক্ষা নেয়া, একটি ক্লাস নিয়েই কোর্স শেষ করা, রাত ৩টায় ক্লাস নেয়াসহ নানা বিতর্কিত কর্মকান্ড ও অনিয়ম-দুর্নীতির কারণে সমালোচিত ছিলেন বিদায়ী উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply