
নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক দোকানদারের কাছ থেকে ৪ হাজার টাকা চাঁদাবাজি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া হলের সামনে অবস্থিত ওই দোকানের খাবারে ইটের খোয়া পাওয়ার অভিযোগ এ চাঁদা দাবি করা হয়। প্রশাসনের কাছে না জানানোর শর্তে ছাত্রলীগ নেতারা এ টাকা নেন বলে দাবি করেন ভুক্তভোগী দোকানী বাবু।
অভিযুক্তরা ছাত্রলীগের সহ সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও কার্যনির্বাহী সদস্য নাইমুর রহমান দূর্জয় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকালে ছাত্রলীগ নেতা দূর্জয়ের কাছে আসা এক ভর্তিচ্ছু ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাবুর দোকানে খাবারের প্লেটে ইটের ছোট খোয়া পায়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে অভিযোগ দেওয়ার হুমকি দেন তারা। পরে দূর্জয় ছাত্রলীগ সহ সভাপতি বৃত্তকে ডেকে নিয়ে আসলে তিনিও নানাভাবে হুমকি দেন দোকানীকে এবং প্রক্টরকে না জানানোর বিনিময়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। প্রথমে ১৫’শ টাকা, এরপর ২ হাজার এবং পরে ২৫’শ টাকা দিতে রাজি হন বাবু। কিন্তু টাকায় মিটমাট না হলে বারবার প্রক্টরের কাছে অভিযোগ দেওয়ার ভয় দেখান তারা। এক পর্যায়ে ৪ হাজার টাকায় মিটমাট হয় তাদের মধ্যে।
ভুক্তভোগী দোকানী বাবু জানান, ছাত্রলীগকর্মী দূর্জয়ের হাতেই টাকা দেন তিনি। পরে দূর্জয় টাকাগুলো সৈকত এবং দূর্জয়ের ভর্তিচ্ছুদের মধ্যে ২ হাজার টাকা করে ভাগ করে দেন।
তবে সৈকত টাকা পাওয়ার কথা স্বীকার করলেও দূর্জয়ের কাছে আসা ভর্তিচ্ছুকে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে নাইমুর রহমান দূর্জয়কে ফোন করলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি বৃত্ত বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানিনা।’
জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি এবং ছাত্রলীগের কেউ টাকা নেয়নি। আমি যতটুকু জানি দূর্জয় টাকা নিয়ে সাথে সাথে ভর্তিচ্ছু আর রাবির ঐ ছেলেটাকে দিয়ে দিছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, আমার কাছে এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। তবে আমি ঘটনাটি শুনেছি। কেউ যদি অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এরপরও আমি বিষয়টি দেখছি।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হোসেনের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে সুরঞ্জিত প্রসাদ বৃত্তসহ চার জনের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ী ও ছাত্রদলকর্মী আখ্যা দিয়ে তার কাছ থেকে দশ হাজার টাকা চাঁদাবাজি করেন তারা।
সূত্র: ইত্তেফাক অনলাইন।