
নিউজ ডেস্ক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের কর্মচারী মনিরুজ্জামানকে মাদকদ্রব্য সহ আটক করেছে রংপুর কোতোয়ালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার পালিচড়া বাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার এসআই আনসারুল ইসলাম জানান, মনিরুজ্জামানসহ আরও কয়েকজন কোতোয়ালী থানাধীন পালিচড়া বাজারে নেশা জাতীয় দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পাওয়ার পর তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান, ২০ কোটি টাকা উদ্ধার
এ বিষয়ে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোনো প্রমাণ পাইনি। যদি সে (মনিরুজ্জামান) অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার করা হয়।
সূত্র: অধিকার