বেরোবির শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার থেকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে পার্ক মোড়ে অবস্থান নিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতা ভুগছেন। বাসা বা মেস থেকে বেরিয়ে নিরাপদে কোথাও চলাচল করা হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের পার্ক মোড় এলাকাটি সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অথচ পাশেই পুলিশ ফাঁড়ি থাকলেও ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। দৃর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে যে ঘটনা ঘটিয়েছে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের পৃথক হামলায় আহত হন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাজিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ পার্কের মোড় পার্কভিউ ছাত্রাবাস থেকে সর্দারপাড়ায় তার বন্ধুর ছাত্রাবাসে যাচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পূর্ব পাশে মডার্ণ মোড়ে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন। তার ডান হাতে কুপিয়ে মোবাইল কেড়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। প্রক্টরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দিয়ে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একই রাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু লালবাগে ছিনতাইকারীদের হামলার শিকার হয়। এসময় তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে কুপিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দুইজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থী পরাগ মাহমুদকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply