
অনলাইন ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া বেগম রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা প্রভাষক সিরাজাম মুনিরার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুহিব্বুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়েরকৃত আইসিটি আইনের মামলায় শিক্ষিকা সিরাজাম মুনিরাকে রোববার দুপুরে রংপুর তাজহাট থানার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে হাজিরের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছি। সোমবার ভার্চুয়াল আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ার অভিযোগে শনিবার রাতে সিরাজাম মুনিরাকে তার বাসা থেকে আটক করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ওই শিক্ষিকার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারের দায়ের করা এজাহার ওই মামলার সঙ্গে সম্পূরক হিসেবে রাখা হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলাল তদন্তকারী কর্মকর্তা মহিবুল ইসলাম।
শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ওই শিক্ষিকা তার নিজের ফেসবুক আইডিতে ব্যাঙ্গ করে একটি পোস্ট দেন। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি তা সরিয়ে নেন । কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা পাল্টা স্ট্যাটাস দিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানান। রাতে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ফেসবুকে পরপর দুইটি স্ট্যাটাস দেন শিক্ষিকা সিরাজাম মুনিরা।
সূত্র: ডেইলী বাংলাদেশ।