বেরোবি ক্যাম্পাসে গায়ে হলুদের অনুষ্ঠান

নিউজ ডেস্ক:

শিক্ষার্থীরা সেজেছে হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে। বিকেল থেকেই সাজ সাজ রব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। উপলক্ষ্য সজল আর জ্যোতির গায়ে হলুদ। সবুজ শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে অতিথি, সহপাঠী, অনুজ ও অগ্রজরা।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বর-কনের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর-কনের পরিবারের কারো উদ্যোগে নয়, বরং পুরো আয়োজনটি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয় তথা রংপুর জেলা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। কেউবা ইচ্ছা প্রকাশ করে বলছেন, তারাও পরিবারের সাড়া পেলে গায়ে হলুদের আয়োজন করবেন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই।

বরের বন্ধু তরিকুল ইসলাম পিয়াস বলেন, আগে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গায়ে হলুদ হলেও আজই আমাদের ক্যাম্পাসে প্রথম কারো গায়ে হলুদ। আমরা বন্ধুরা মিলে বন্ধুর বিয়ের মজা করার জন্য ক্যাম্পাসে এই হলুদের ব্যতিক্রমী আয়োজন করেছি। তাদের ভবিষ্যত দাম্পত্য জীবনের জন্য সবার শুভ-কামনা।

ব্যতিক্রমী আই আয়োজনের কথা জানতে চাইলে বর সজল বলেন, অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল ক্যাম্পাসে গায়ে হলুদ আয়োজন করার। বন্ধুরা আমার জন্য যে আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন সবাই।

সূত্র: ইত্তেফাক অনলাইন।