
রংপুর অফিস:
রংপুরের গঙ্গাচড়ায় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকা চার মাসের ছুটি নিয়ে ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার মর্ণেয়া ইউনিয়নের লাখেরাজ টারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন তিনি। প্রধান শিক্ষকের এমন অনুপস্থিতিতে ভেঙে পড়েছে প্রথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে লাখেরাজ টারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন নাজমা খাতুন। যোগদানের দেড় বছর পর ২০১৬ সালের জুলাই মাসে দুই মাসের ছুটি নিয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে থাকা অবস্থায় তিনি আরও দুই মাসের ছুটি নেন।
অভিযোগ উঠেছে, তার ছুটির মেয়াদ শেষ হলেও তিনি বিদ্যালয়ে আসেননি এবংপরবর্তী ছুটিরও আবেদন করেননি। দীর্ঘদিন ধরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও তিনি চাকরিতে এখনো বহাল তবিয়তে রয়েছেন।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে অবগত করা হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এনিয়ে শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা চাকরির বিধিমালা অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
উপজেলার লাখেরাজ টারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক তারেক রহমান। তিনি বলেন, আমাদের হেড ম্যাডাম চিকিৎসার জন্য চার মাসের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর সঙ্গে বসবাস করছেন। তখন থেকেই আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি।
গড়ঙ্গাচড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কয়েকবার তদন্ত করা হয়েছে। কিন্তু কী কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমার জানানেই। আমি আবারও বিষয়টি ঊর্ধ্বতনদের অবগত করব।
এ ব্যাপরে জেলা প্রথমিক শিক্ষা অফিসার এএফএম সাহাজান সিদ্দিক বলেছেন, লাখেরাজ টারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন নাজমা খাতুনের বিরুদ্ধে রংপুর বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। কয়েক দফা তাকে কারন দর্শানোর নোটিশ করেও বিদেশে থাকার করনে তিনি কোন জবাব দপ্তকে অবগগত করেননি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার