
রংপুর অফিস:
রংপুরে ছিনতাইকারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটের সামনে পরাগ মাহমুদ নামে এক শিক্ষার্থীকে এবং শুক্রবার ভোরে লালবাগ এলাকায় বেরোবি শিক্ষক মনিরুজ্জামান মজনুকে ছিনতাইকারী দুর্বৃত্তেরা কুপিয়ে আহত করে।
জানা গেছে, শুক্রবার ভোরে হাটতে বের হলে দৃর্বৃত্তদের হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান মজনু। এসময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বেরোবি শিক্ষার্থী পরাগ মাহমুদ রাতে ‘পারকভিউ ছাত্রাবাস’ থেকে সরদারপাড়া এলাকায় তার বন্ধুর ছাত্রাবাসে যাচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের পূর্ব পাশে মর্ডান মোড়ের দিক থেকে আসা ১৮/১৯ বছর বয়সী তিনজন যুবক তাকে রাস্তায় দাঁড় করিয়ে তার কাছে থাকা ফোন দাবী করে। এটা দিতে অস্বীকৃতি জানালে একজন একটি চাপাতি বের করে পরাগের ডান হাতে আঘাত করে ফোনটি কেড়ে নিয়ে চলে যায়। পরে প্রক্টরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে তার মোবাইল ফোন নিয়ে গেছে। এক শিক্ষার্থীর মাধ্যমে রাত ৩টায় খবর পেয়ে প্রক্টর ঐ শিক্ষার্থীকে মেডিকেলে দেখতে যান। এছাড়া প্রতিদিনের মতো হাঁটতে বের হয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন এক শিক্ষক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এম২৪নিউজ/আখতার