
অনলাইন ডেস্ক:
আগামী ৯ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন-লাইনে ক্লাস শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। সোমবার (০৬ জুলাই) সীমিত পরিসরে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অফিসার, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে উপাচার্য বলেন, কোডিভ-১৯ সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৪ মাস যাবৎ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের এ অসুবিধা দূরকরার জন্য আগামী ৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হবে।
এদিকে সোমবার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাবি’র পরিবহনে যুক্ত হয়েছে চারটি নতুন বাস। যা সরবরাহ প্রতিষ্ঠান নিটোল টাটার কাছ থেকে বুঝে নেয় প্রশাসনের বাস ক্রয় সংক্রান্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক ড. এফ এম আলী হায়দার জানান, ২০১৯-২০ অর্থ বছরে বাজেট বরাদ্দ অনুযায়ী জানুয়ারিতে ওপেন টেন্ডার হয়। প্রথমে নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ড টেন্ডার পেলেও পরে তাদের এদেশীয় এজেন্ট নিটোল টাটা বাস চারটি সরবরাহ করে। তিনি জানান, টাটা এলপিও ১৬১৩ মডেলের ৫২ আসনের প্রতিটি বাস প্রায় ৩২ লক্ষ টাকায় কেনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তাদের নিয়ে ক্রয় কমিটি বাসগুলো বুঝে নিয়েছেন। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের পরিবহণের জন্য ব্যবহৃত হবে।
এ বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের পরিবহন ব্যবস্থা অপ্রতুল। তাই বাসগুলো সংযুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত আনন্দের যে, বাসগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই পেয়েছি।
সূত্র: ইত্তেফাক অনলাইন।