আজ রংপুরের আট জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

অনলাইন ডেস্ক:

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আজ রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবারের এই ভিডিও কনফারেন্সে প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম সংযুক্ত থাকবেন।

এর আগে, শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।

উল্লেখ্য, দেশে মার্চ মাসের ৮ তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হবার পর থেকে এ পর্যন্ত এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭৭ জন এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৫৫ জন। অন্যদিকে চীনের উহান প্রদেশে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশে ২ লাখ ৪৪ হাজার জন মৃত্যুবরণ করেছে এবং প্রায় ৩৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।