
অনলাইন ডেস্ক:
দিনাজপুরের এসপি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আগামী ২-১ দিনের মধ্যেই হয়ত আমরা ভালো খবর জানাতে পারবো।
তিনি আরো জানান, শুক্রবার ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে আনা হয়েছে। সেখানে নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে রংপুর সদর থানার ওসি (তদন্ত) আজিমউদ্দীনকে।
ইউএনওর ওপর হামলার ঘটনায় গ্রেফতার আসামি রংমিস্ত্রি নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাসকে ৭ দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
জেলার কোর্ট পরিদর্শক মো. ইসরাইল হোসেন জানান, আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি এবং মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে নতুন করে রিমান্ড আবেদন না করায় তাদের দুজনকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর জানান, এ মামলায় গ্রেফতার তিন আসামির মধ্যে নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাসের ৭ দিনের রিমান্ড শেষ হওয়ায় আদালতে তাদের দুজনকে সোপর্দ করা হয়েছে। অপর আসামি আসাদুল ইসলামের ৭ দিনের রিমান্ড শনিবার শেষ হবে।
গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার