
নিউজ ডেস্ক:
বাংলা পঞ্জিকায় এখন হেমন্তকাল। কিন্তু সন্ধ্যা নামলেই শীতে কাঁপছে উত্তরের মানুষ। এবার আগেভাগেই রংপুরসহ উত্তরাঞ্চলে হানা দিয়েছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা।
রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুরসহ আশপাশের এলাকায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। সোমবার সকালে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে।
এক সপ্তাহের তাপমাত্রার পরিসংখ্যানে দেখা গেছে, ৩০ অক্টোবর ২০ দশমিক ৬ সেলসিয়াস, ২৯ অক্টোবর ২০ দশমিক ৬ সেলসিয়াস, ২৮ অক্টোবর ২১ দশমিক ২ সেলসিয়াস, ২৮ অক্টোবর ২২ দশমিক ৩ সেলসিয়াস, ২৭ অক্টোবর ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ২৬ অক্টোবর ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২৫ অক্টোবর ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসের আদ্রতা সর্বোচ্চ ৮২ থেকে ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৬৫-৭০ শতাংশে ছিল।
হেমন্তের পর শীত আসার কথা থাকলেও দেশের কিছু জেলায় রাত নামলেই কাঁপছেন মানুষ। সন্ধ্যার পর অনেকে পরেন শীতের পোশাক। শীতের আগমনে রংপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পিঠার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি বিক্রেতারা।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, সামনে শীতের মৌসুম আসছে। তাই আবহাওয়ার এ পরিবর্তন। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে এ অঞ্চলে শীতের প্রকোপ শুরু হবে।
এম২৪নিউজ/আখতার