
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনা দুমড়েমুচড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরো দুই যাত্রী। বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার ফরিদুল আলমের ছেলে মো. মিনহাজ, হেলপার একই উপজেলার পদুয়া মিঠারদিঘী এলাকার মোহাম্মদ শহীদ, কক্সবাজারের চকরিয়ার হাসান আলী পাড়ার আমির হামজার ছেলে মোহাম্মদ বাবুল, মধ্যম কোণাখালীর আলী মিয়ার ছেলে সিরাজ আহমদ, হারবাং ইউপির বৃন্দাবনখিল এলাকার আব্দুল কাদেরের ছেলে বদিউল আলম, ও লামা উপজেলার সন্দীপপাড়ার আবদুল ওয়াজেদের ছেলে মো. আল-আমিন।
আহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার অয়েজ উদ্দিনের ছেলে মো. আইনুন ও চকরিয়ার হারবাং ইউপির করম মুহুরী পাড়ার গুরা মিয়ার ছেলে মো. রায়হান
চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, কাভার্ডভ্যানটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। হারবাং ইউপির বুড়ির দোকান এলাকায় লোহাগাড়া থেকে চকরিয়াগামী লেগুনাকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে লেগুনা দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরো চারজন।
ওসি আরো জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।