কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় সাইকেলসহ আটক ১

অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধর্মপুর সীমান্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার সকালে ফুলবাড়ী সীমান্তে লালমনিরহাট ১৫ বিজিবির অধীনস্থ কাশিপুর বিওপির বিজিবির অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় আজিজুল হকের বাড়ি থেকে বিজিবির টহলদল লায়ন আলী নামে এক যুবককে আটক করে। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বিওপির হাবিলদার বাদল মুরমু’র নেতৃত্বে বিজিবির টহলদল পশ্চিম ধর্মপুর এলাকায় ওঁৎ পেতে থাকে। এ সময় এক যুবক সাইকেলে সীমান্ত এলাকা থেকে আসছে এটি দেখতে পায়। ওই যুবক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী মাদক চোরাকারবারী আজিজুল হকের বাড়িতে প্রবেশ করে। তিনি মালামাল রেখে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল তাকে আটক করে ও বাড়িটি ঘেরাও করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল, ১৩৩ বোতল ইস্কাপ সিরাপ, ২টি ভারতীয় বাইসাইকেল, ১১ কেজি ভারতীয় লবণ ও মাদক বহনের ১৫ টি প্রসেস উদ্ধার করে বিজিবি। 

এ ঘটনায় শুক্রবার বিকেলে পশ্চিম ধর্মপুর গ্রামের আটক যুবক লায়ন আলী, বাড়ির মালিক আজিজুল হক, ও আজিজুলের স্ত্রী শেফালী খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দিয়েছে বিজিবি। 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ ডেইলি বাংলাদেশকে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ও আটক যুবকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply