গাড়ি চালিয়ে অযথা আড্ডা ও ঘোরাঘুরি : ২৫ জনকে জরিমানা

নিউজ ডেস্ক:

অযথা আড্ডা ও ঘোরাঘুরির কারণে ২৫ জনকে ৮৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার রাজধানীর ফার্মগেট এলাকায় এই অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

এরকম একজন ব্যক্তি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন প্রয়োজন ছাড়া। তার পকেটে জরিমানার টাকা না থাকায় বাসা থেকে টাকা এনে জরিমানা পরিশোধ করার পর তার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়। তারা প্রয়োজন ছাড়াই বের হয়েছিলেন। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম আরো বলেন, জরিমানা করা হয়েছে সচেতনতার জন্য। সকলকেই করোনা প্রতিরোধে সচেতন হতে হবে। অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি না করাই ভাল। মোহাম্মদপুরে অলিগলিতে বেশ কয়েকজন যুবককে আড্ডা দিতে দেখা যায়। তাদেরকে সচেতন হওয়ার নির্দেশনা জানিয়ে দিয়ে বাসায় পাঠানো হয়। তবে তাদেরকে কোনো জরিমানা করা হয়নি।

সূত্র: ইত্তেফাক অনলাইন।