গোবিন্দগঞ্জে ২৬৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নিউজ ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৬৮ বোতল ফেনসিডিল ও টয়োটা কার সহ ঢাকা সাভার এলাকার পেশাদার মাদককারবারি ও ব্যবসায়ী মেহেদী শেখ ওরফে হীরাকে (৩০) আটক করেছে পুলিশ।  আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের চাষকপাড়া বন্ধন পেট্রোল পাম্পের সামনে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ী মেহেদী শেখ হীরা ঢাকার সাভার উপজেলার মির্জানগরের কুরগাও গ্রামের গোলাম মাহমুদের ছেলে।

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ – ঘোড়াঘাট রোডে রাত্রি কালিন ডিউটি করার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চাষকপাড়া বন্ধন পেট্রোল পাম্পের সামনে হতে হিলি সিমান্ত হতে আসা একটি টয়োটা ঢাকা মেট্রো-গ ১২-৪৮৪১ কার আটক পূর্বক তল্লাশি করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এসময় কারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ২৬৮ বোতল ফেনসিডিল সহ পেশাদার মাদক ব্যবসায়ী হীরাকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২ লাখ ৬৮ হাজার টাকা। এ ঘটনায় তার নামে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামি মেহেদীর বিরুদ্ধে চুরি ও মাদকের ২ টি মামলা নাটোর ও বগুড়া আদালতে বিচারাধীন আছে। ফেন্সিডিলসহ গ্রেফতারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।