
নিউজ ডেস্ক:
রাজবাড়ীর পাংশা পৌরসভার দরগাতলা বাজারের একটি ভবনে বস্তা ভর্তি ৪০২০ কেজি সরকারি চাল ও ১৩৫ কেজি সরকারি পাটের বীজ জব্দ করেছে পুলিশ।
রবিবার এ ঘটনায় আব্দুর রাজ্জাক শাহ নামে একজন মুদি দোকানী আটক করে পাংশা মডেল থানা পুলিশ। আটক রাজ্জাক পৌরসভার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ ও এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত চাল সরকারি। ব্যক্তিগত গোডাউনে চেয়ারম্যান সরকারি চাল রাখতে পারেন না।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, মুদি দোকানী আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তথ্যানুসন্ধান করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. ফরিদ হাসান ওদুদ মন্ডলের আপন ছোটভাই। ঘটনার পর থেকে যশাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মণ্ডল পলাতক।
সূত্র: ইত্তেফাক অনলাইন।