ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজন নিহত

অনলাইন ডেস্ক:

বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার মহিষকাটা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোঃ তৌফিক শিকদার (৪০) ও কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তুহিন মৃধা (৩৫)। আহতদের মধ্যে প্রাইভেকারে থাকা মো. আনোয়ারুল হক (সাগর) এর অবস্থা আশঙ্কাজনক। আহত অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেটকার যোগে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. তৌফিক শিকদার (৪০), কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তুহিন মৃধা (৩৫), ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক (সাগর) পটুয়াখালী যাচ্ছিলেন। তারা পটুয়াখালী-কুয়াকাটা সড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছলে একটি টমটমকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক মোঃ তৌফিক ও আরোহী তুহিন মৃধা নিহত হন। গুরুত্ব আহত হন প্রাইভেটকারের অপর আরোহী আনোয়ারুল হক সাগর।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থাণীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। গুরুত্বর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

এ ঘটনায় ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গুরুত্বর আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply