দেশের কোথাও বাঁশের সাঁকো থাকবে না: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক:

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের কোথাও এখন আর বাঁশের সাঁকো থাকবে না, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। দেশের কোথায় কোথায় বাঁশের সাঁকো আছে তা খুঁজে বের করে সেতু নির্মাণ করা হবে। 

তিনি আরো বলেন, যে দেশে পদ্মা নদীর ওপরে একাধিক সেতু নির্মাণ হচ্ছে, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মিত হচ্ছে, সেই দেশে বাঁশের সাঁকো বা সেতুর অভাবে মানুষ কষ্ট পেতে পারে না।
 
বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। 

পরিকল্পনা মন্ত্রী জানান, জনগণের উপকারে আসে এমন প্রকল্প তার দফতরে এলেই অনুমোদন করা হবে। এ সময় বগুড়ায় একটি বিমানবন্দর এবং করতোয়া নদী খননসহ উন্নয়ন প্রকল্পের বিষয়ে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

এদিন শিবগঞ্জ পৌরসভায় ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ৭২টি মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার প্রকল্পের আরসিসির গার্ডার এ সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

সূত্র: ডেইলী বাংলাদেশ।