নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম নামে এক বৃদ্ধ (বাবা) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী পৌরশহরের রেলগেট এলাকা থেকে অভিযুক্ত ছেলে মাসুদ রানাকে আটক করেছেন আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাশেম একই গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে।

জানা গেছে, মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি আলাদা একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে তার বাবা কাশেম আলী তাকে খাবার দিতে যান। এ সময় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবা আব্দুল কাশেমের মাথায় আঘাত করেন মাসুদ। এতে ঘটনাস্থলেই আব্দুল কাশেম নিহত হন। শুক্রবার সকালে আব্দুল কাশেমের স্ত্রী মাহমুদা বেগম মাসুদ রানার ঐ বাড়িতে গিয়ে দেখতে পান আব্দুল কাশেম রক্তাক্ত অবস্থায় পড়েন আছেন। এ সময় তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন যুবক। প্রায় সময় পরিবারের অন্য সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করতেন। এজন্য তাকে আলাদা বাড়িতে রাখা হতো।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক জানান, মাথায় লাঠি জাতীয় কিছুর আঘাতে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ছেলে মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply