নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-শিশু নিহত

নিউজ ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান ঘটনাস্থলে মারা যান। এ সময় নিহতের আরো দুই মেয়েসহ তিনজন আহত হয়।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের শিশু সন্তান নিভি রানি মজুমদার। আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চৌমুহনী চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশা আপানিয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুছড়ে যায়। 

এ সময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার শিশু কন্যা মারা যায়। আহত হয় ওই শিক্ষিকার দুই মেয়েসহ আরো তিনজন। স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।   

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্ধ করা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।