বাসে ট্রাকের ধাক্কা, রাস্তায় ঘুমন্ত ১৮ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে একটি বাসে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। 

সংবাদমাধ্যম এডিটিভির খবরে জানা গেছে, উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে ছিলেন।

এই ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন। 

এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বারাবাঙ্কির পুলিশ সুপার যমুনা প্রসাদ জানান, দোতলা বাসটি হরিয়ানা থেকে প্রায় ১০০ যাত্রী নিয়ে বিহারে যাচ্ছিল।

তিনি বলেন, বাসের ভেতরও অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি এত জোরে ধাক্কা দিয়েছে যে বাসের ভেতর ঘুমিয়ে থাকা যাত্রীদের অনেকে রাস্তায় ছিটকে পড়েন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, রাস্তাজুড়ে মানুষের মরদেহের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতারের খবর জানা যায়নি। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply