মোবাইলে বন্ধুত্বের পর দাওয়াত দিয়ে দুই শ্রমিককে অপহরণ

নিউজ ডেস্ক:

দুই পোশাক শ্রমিকের সঙ্গে মোবাইলে পরিচয় হয় রঞ্জু মিয়া নামে এক যুবকের। পরে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর সেই সম্পর্কের সুবাদে নিজ গ্রামে ওই দুইজনকে দাওয়াত করেন রঞ্জু। সম্পর্কের টানে দাওয়াতে সাড়া দিয়ে চলে আসেন তারা। পরে ওই দুই  শ্রমিককে অপহরণ করে নেয়া হয় দুর্গম চরাঞ্চলে। মারধরের পর তাদের কাছে দাবি করা হয় মোটা অংকের মুক্তিপণ।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুড়িগ্রামের একটি দুর্গম চরাঞ্চলে অভিযান চালায় র‍্যাব-১৩। সেখান থেকে অপহরণের শিকার দুইজনকে উদ্ধার ও অপহরণকারী দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে রংপুরে র‍্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

র‍্যাব-১৩ এর অধিনায়ক জানান, ঢাকার দুই পোশাক শ্রমিকের সঙ্গে মোবাইল ফোনে বন্ধুত্ব করে সখ্যতা গড়ে তোলে কুড়িগ্রামের রঞ্জু মিয়া নামে এক অপহরণকারী। পরে ওই দুইজনকে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়িতে দাওয়াত করে এনে মারধর ও চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী রঞ্জু ও তার সহযোগীরা।

এ ঘটনায় অপহৃতের ভাইয়ের অভিযােগের ভিত্তিতে র‍্যাব-১৩ মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরধাউড়া কুঠি গ্রামের চরাঞ্চলে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণের শিকার দুইজনকে ফেলে রেখে তারা সুকৌশলে পালানোর সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরধাউড়া গ্রামের আনােয়ার হােসেনের ছেলে জুবাইদুর আলম ও মুজিবুর রহমানের ছেলে আশরাফুল আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন সংঘবদ্ধ অপহরণ চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply