
নিউজ ডেস্ক:
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই হাসপাতালে নয়জনসহ রংপুরে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
বৃহস্পতিবার ভোরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রংপুর নগরীর স্টেশন রোড মাছুয়া পট্টি এলাকার বাসিন্দা এক নারী।
তিনি গত ৯ জুন করোনাভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, তিনি করোনাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।
অপরদিকে বুধবার রাতে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যান রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার বাসিন্দা ৬৮ বছরের এক ব্যবসায়ী। তিনি গত ২৩ জুন করোনা হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছিল।
একইদিন রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের ৫০ বছরের এক বাসিন্দা মারা যান।
বৃহস্পতিবার সকালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়জনসহ জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে রংপুরে করোনা রোগীর সংখ্যা ৮২৮ জন। তাদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৪৪০ জন সুস্থ হয়েছেন।