রংপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রংপুর স্বাস্থ্য বিভাগ। কমেছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে সুস্থতার হার। 

২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমিত হয়েছেন ২৬ জন। শুক্রবার বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। এই দিন গাইবান্ধা জেলায় কোনো করোনা সংক্রমণ ছিলো না। 

শনিবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলার মধ্যে রংপুরে ১ জন ও ঠাকুরগাঁওয়ে ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১০, ঠাকুরগাঁওয়ের ২০, দিনাজপুরের ৬ জন, কুড়িগ্রামের ৩, পঞ্চগড়ের ১, নীলফামারীর ২, লালমনিরহাটের ১, গাইবান্ধা জেলায় কোনো সংক্রমণ রোগী পাওয়া যায়নি। 

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ। সবশেষ ২ জনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০২ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩১৯ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন গাইবান্ধায়। 

এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪৩, নীলফামারীতে ৮৬, পঞ্চগড়ে ৭৭, কুড়িগ্রামে ৬৬ ও লালমনিরহাটে ৬৩ জন মারা গেছেন। গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫৯ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫১০ জন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply