
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আটজন প্রাণ হারিয়েছেন। নতুন করে ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে ২২ দিনে বিভাগের আট জেলায় করোনায় ২৩১ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে প্রাণহানি হয়েছে ১০ জনেরও বেশি লোকের। এর আগে শনিবার (২১ আগস্ট) বিভাগে করোনায় সাতজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ১১৪ জনের।
রোববার (২২ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন মৃতদের মধ্যে রংপুরের দুজন, ঠাকুরগাঁওয়ের দুই, দিনাজপুরের দুজনসহ গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার একজন করে রয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ১ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ৪৩, ঠাকুরগাঁওয়ের ৩৮, রংপুরের ৩১ জন, পঞ্চগড়ের ১৮, নীলফামারীর ১৮, লালমনিরহাট ১৪, গাইবান্ধার ১৩ ও কুড়িগ্রাম জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ।
সর্বশেষ আটজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫১ জন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৩ জন মারা গেছেন।
আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭০ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলার হিসাবে সবচেয়ে কম ৫৯ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের ২৩১ জন, নীলফামারীর ৮১, পঞ্চগড়ের ৭৩, কুড়িগ্রামের ৬৪ ও গাইবান্ধার ৬০ জন মারা গেছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৪৬ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫১ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত বিভাগে ৪৪ হাজার ১৩৮ জন সুস্থ হয়েছেন।
এম২৪নিউজ/আখতার