
রংপুর অফিস:
রংপুরে ভেজাল বিরোধি অভিযানে এক ট্রাক বোঝাই মেয়াদোত্তীর্ণ ১৩ হাজার ৪৮০ কেজি আটা জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ভেজাল আটা রাখার দায়ে রাশেদ মিয়া (৩৪) ও জিয়াউর রহমান (৪২) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ওই আটা নতুন করে প্যাকেটজাতের মাধ্যমে বাজারে সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের।
আজ রোববার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২১ আগস্ট) রাতে মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি) ফারুক আহমেদের নেতৃত্বে রংপুর নগরের পার্বতীপুর এলাকায় একটি দল সাঁড়াশি অভিযান চালায়। এসময় পার্বতীপুর বউবাজার সংলগ্ন মেহগনি গাছবাগান নামক স্থানে আটার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি তল্লাশী করে ৪০ কেজি ওজনের ২৭২ বস্তা আটা এবং আলাদা ৬৫টি বস্তার প্রতিটিতে ২০ কেজি করে ওজনের প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত ১৩ হাজার ৪৮০ কেজি আটার আনুমানিক মূল্য ৫ লাখ পঞ্চাশ হাজার টাকা।
কাজী মুত্তাকী ইবনু আরো বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনহীন ও ট্রেড লাইসেন্স জালিয়াতি করে আটার বস্তায় অন্য নাম ব্যবহার করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ এই আটার ট্রাকটি রংপুর থেকে অন্যত্র পাঠানো হচ্ছিল। আটাগুলো পুনরায় নতুন প্যাকেটে ভরে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ করাসহ হোটেল ও রেস্তোরায় সরবরাহ করার পরিকল্পনা ছিল প্রতারক চক্রটির। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারা হলো রংপুর নগরীর পার্বতীপুর মেহগনি গাছবাগান এলাকার মৃত আনছার আলীর ছেলে রাশেদ মিয়া (৩৪) ও একই এলাকার ভগিবালাপাড়া ভাড়াটিয়া মৃত আব্দুল হামিদের ছেলে জিয়াউর রহমান (৩২)।
এ ঘটনায় রংপুরের স্যানেটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টও মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ও ৩২(ক),৩২(ঘ) ধারায় ওই দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ আটা জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মেয়াদোত্তীর্ণ খাদ্য বিষের মতো শরীর ও স্বাস্থ্যের চরম ক্ষতি করে। মেয়াদোত্তীর্ণ আটা মজুদ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও অবৈধভাবে ব্যবহারের সাথে জড়িত সকলকে পুলিশি তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় আনা হবে।
এম২৪নিউজ/আখতার