
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪৯ জন। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
বর্তমানে বিভাগের আট জেলার বিভিন্ন হাসপাতালসহ বাসায় ১২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে ১৪, গাইবান্ধায় ১২, কুড়িগ্রামে ৫, নীলফামারীতে ২, লালমনিরহাটে ৪, দিনাজপুরে ১০ এবং ঠাকুরগাঁওয়ের ২ জন রয়েছে।
স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ বলেন, রংপুর ও গাইবান্ধায় জেলায় ডেঙ্গুরোগী বেশি। তবে হাসপাতালগুলোতে রোগীর চাপ নেই।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছে তাদের যথাসাধ্য চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ডেঙ্গুরোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এম২৪নিউজ/আখতার