রংপুর সদর উপজেলা চেয়ারম্যানসহ দুই জেলার আরও ৯ জনের করোনা শনাক্ত

গোলাম মোস্তফা আনছারি (রংপুর):

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে জনপ্রতিনিধি, পুলিশ, আনসারসহ নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার (১৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরের সাত ও কুড়িগ্রাম জেলার দুইজনের করে নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল এসেছে।

আক্রান্তরা হলেন, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান (৪৬), সদ্যপুরস্করনী ইউনিয়নের এক যুবতী (২০), নগরীর জুম্মাপাড়া এলাকার এক নারী (৩১), জামতলা মসজিদ এলাকার এক যুবতী (২০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৫৮), গঙ্গাচড়া উপজেলার এক পুরুষ (৫৩), পীরগাছা উপজেলার এক যুবক (২০)। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে।

এছাড়া কুড়িগ্রাম পুলিশ লাইন্সের দুই নারী পুলিশ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ ৯ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

এম২৪নিউজ/আখতার।