
অনলাইন ডেস্ক:
ঢাকা শহরের বস্তির প্রায় তিন চতুর্থাংশ মানুষ করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। করোনার কোনো লক্ষণ ছিল না এমন ৪৫ শতাংশ নগরবাসী করোনায় আক্রান্ত হয়েছে বলে অ্যান্টিবডি পরীক্ষায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪ শতাংশের বয়স ৬০ বছরেরও বেশি।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়।
গত জুলাই পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে এই গবেষণা করেছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনার সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন আইইডিডিআর ও আইসিডিডিআরবির গবেষক ও বিজ্ঞানীরা। এ সময় অনলাইনে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএ আইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
গবেষণার জন্য ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে ২৫টি ওয়ার্ড বেছে নেয়া হয়। প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা বাছাই করা হয়। প্রতি মহল্লা থেকে ১২০টি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ৮টি বস্তিকে এ জরিপে যুক্ত করা হয়। ঢাকা শহরের সাধারণ খানার নমুনা সংগ্রহ করা হয় মধ্য এপ্রিল থেকে মধ্য জুলাই পর্যন্ত। আর বস্তির মানুষের নমুনা সংগ্রহ করা হয় মধ্য জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত।
গবেষকেরা বলছেন- সংক্রমণ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও টিকা দেয়ার ব্যাপারে এসব তথ্য কাজে লাগবে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার