
অনলাইন ডেস্ক:
লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে জাহাজডুবি হয়েছে। এতে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৩ জন বাংলাদেশি রয়েছেন।
তিউনিনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লিবিয়া ছেড়ে যাওয়ার পরে তাদের জাহাজ ডুবে গেলে ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ ছিল।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ জিক্রি জানান, তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে একটি তেল প্ল্যাটফর্মের সঙ্গে লেগে থাকা জাহাজটি বিধ্বস্ত হয়ে বেঁচে যাওয়া লোকদের উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসনের জন্য আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো জানান, বেঁচে যাওয়াদের মধ্যে ৩৩ বাংলাদেশি রয়েছেন।
তিনি আরো জানান, কমপক্ষে এখনো ৫০ জন নিখোঁজ রয়েছে। ৫০ জনের বেশি নিখোঁজদের জাতীয় পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
রোববার লিবিয়ান বন্দর থেকে ৯০ জনেরও বেশি যাত্রী নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয় একটি জাহাজ। পরে দুর্ঘটনার পর প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জার্জিস বন্দরে জীবিতদের নিয়ে ফেরেন তিউনিশিয়ার উদ্ধারকারীরা।
জাতিসংঘের গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, ভূমধ্যসাগরে কমপক্ষে এক হাজার ২০০ অভিবাসী মারা গেছেন।
আইওএম’র তথ্যানুযায়ী, ২০২১ সালের শুরু থেকে উত্তর আফ্রিকার তীর থেকে ইতালি ও মাল্টায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার