শিবগঞ্জে ভটভটি উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ধান বোঝাই ভটভটি উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৪টার দিকে উপজেলার সোনা মসজিদ বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ থেকে শ্রমিকরা ধান কেটে ভটভটিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজ ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মৃত নওশাদ আলির ছেলে আবুল কাসেম(৪০), এরফান আলির ছেলে বাবুল (২২) ও তাজামুল হক( ৫০), তাজামুলের ছেলে মিঠুন(২৪), কাবিলের ছেলে কারিম(৪০), আমিরুল হকের ছেলে মিলু(৪০), রেহমানের ছেলে আতউল রহমান(২৮)। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও শিবগঞ্জ থানা পুলিশ জানান, নওগাঁ থেকে ধান কেটে একটি ভটভটিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ভটভটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ৭ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ২জন শ্রমিকের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাবিক আলা রাব্বী বলেন, বর্তমানে ঘটনা স্থলে আছি। আমরা ৯ জন নিহতের সংবাদ নিশ্চিত করেছি। লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছি এবং প্রতিটি নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ কে এম আব্দুর রাবিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার