সিনহা হত্যা : প্রদীপসহ তিনজন ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক:

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, এসআই নন্দদুলাল রক্ষিত ও  বাহারছড়া-শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীকে রিমান্ডে নিয়েছে র‍্যাব।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে তাদের জেলা কারাগার থেকে নিয়ে যায় র‍্যাব। 

কক্সবাজার জেল সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সোমবার ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালকে রিমান্ডে নেয়ার ঘোষণা দেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। 

কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার এই তিন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হবে। সিনহা হত্যাকাণ্ডের পর পুলিশের জব্দ করা ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯টি ডিভাইস নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন করা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।