
অনলাইন ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এপিএস পরিচয়ে তার সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেয়ার প্রলোভনে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।
তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. মোজাম্মেল হক ইয়াসিন।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি এর নাম সম্বলিত সিল ও বিভিন্ন নিয়োগ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, গ্রেফতারকৃত মোজাম্মেল ভিজিটিং কার্ড ছাপিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিত। মন্ত্রীর নামে জাল সিল ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে এলজিইডি ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পরিবেশ ও বন মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, বিভিন্ন ব্যাংকে নিয়োগ, টেন্ডারবাজি ও বদলি সংক্রান্তে সুপারিশ করতো। এমনভাবে প্রতারণা করে ভুক্তভোগীদের নিকট হতে টাকা হাতিয়ে নিত।
তিনি আরও জানান, ভুক্তভোগী মো. মাঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে অস্থায়ী কার্য সহকারী পদে চাকরি দেওয়ার জন্য মন্ত্রীর সিল ও স্বাক্ষর জাল করে প্রধান প্রকৌশলী, এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা বরাবর একখানা আবেদন করা হয়। বিষয়টি এলজিইডি অফিস কর্তৃপক্ষের সন্দেহ হলে এলজিইডি অফিস কর্তৃপক্ষ এ সংক্রান্তে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু করে। মামালার প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, বুধবার গ্রেফতারকৃতকে রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার