সৈয়দপুরে প্রধান প্রধান সড়ক পানির নিচে: জন দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):

টানা ভারী বর্ষণে সৈয়দপুরে ৮৮’র বন্যাকেও হার মানিয়েছে। একটানা আটদিনের মুষলধারে বৃষ্টি হওয়ায় সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক এমনকি বিমানবন্দর সড়কসহ সব কয়টি পাড়া মহল্লার রাস্তা হাটু পানি এবং কোথাও কোথাও কোমর পানির নীচে ডুবে আছে। প্রায় বাসা বাড়ির শোবার ঘরেও পানি ঢুকেছে।

পরিকপ্লিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বাসা-বাড়িতেই জমে আছে এবং নিমাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানি নামতে না পেরে পচা নর্দমার পানির সাথে মিশে গেছে। এতে করে শিশু এবং বয়স্করা দ্রুত পানিবাহিত রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, শহরের উপকন্ঠে খড়খড়িয়া এবং চারালকাঠা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের মধ্যে বেশ কয়েকটি খাল ও পুকুর ছিল তা অনেকের ক্ষমতার জোরে অনেক আগেই দখল হয়ে বড় বড় ইমারত গড়ে উঠেছে। অতি বষর্ণে জলাবদ্ধতায় জনদূর্ভোগ অতিমাত্রায় বেড়েছে। এলাকাবাসী পানি নিস্কাষনের দ্রুত সমাধান চায়। এরই মধ্যে কাউন্সিলরগণ ড্রেন পরিস্কার ও পানি নিস্কাসনের জন্য পুরো পরিষধ নিয়ে মাঠে কাজ করছেন। কোথাও কোথাও পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে।

এম২৪নিউজ/এসএ