হিলি স্থলবন্দরে ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে বন্দরের ওয়্যারহাউজের তিন নম্বর শেডে ব্লিচিং পাউডার ট্রাকে তোলার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল চারটার দিকে একটি বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড দেওয়া হচ্ছিল। এ সময় ট্রাকের ভেতরে হঠাৎ আগুন ধরে গেলে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে হাকিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।

হিলি স্থলবন্দরের পানামা পোর্টের পরিদর্শক সেলিম রেজা জিন্না বলেন, আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

এদিকে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হেলেন জানান, শেডে প্রায় ৪০ মেট্রিক টন ব্লিচিং পাউডার মজুত ছিল। এর মধ্যে তিনটি ট্রাকে পণ্য তোলার কাজ শেষ হলেও, চতুর্থ ট্রাকে লোড দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply