করোনায় সাংবাদিক আব্দুস শহীদের ইন্তেকাল

অনলাইন ডেস্ক:

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি আবদুস শহিদ আর নেই (ইন্না লিল্লাহি… রাজেউন)।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার বেলা ১১টার দিকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

গত ২৫ জুলাই আব্দুস শহীদের করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আবদুস শহিদ জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে এনটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবদুস শহিদের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার