
অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল মৃত্যুবরণ করেছেন। রবিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত কয়েকদিন থেকে তিনি করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে গত ১৪ আগস্ট পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার বিকেলে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় কুমিল্লায় তিনি মৃত্যুবরণ করেন।
এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৯৯ জন।
এদিকে নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল।
সূত্র: ইত্তেফাক অনলাইন।