
অনলাইন ডেস্ক:
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো।
রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন গত ৫৩ হাজার ৩২২ জন।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৯৪ হাজার ১১২ জন। মৃত্যু হয়েছে ৫০ হাজার ১২২ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬২ হাজার ৯৩৭ জন।
গত মঙ্গলবার থেকেই দেশটিতে করোনা আক্রান্তের হার ৯ শতাংশের নিচে রয়েছে। শুক্রবার সেটি আরো কমে ৭ দশমিক ৬১ শতাংশে নামে। শনিবার হয় ৭ দশমিক ৪৮ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৮ শতাংশ ৫০ শতাংশ। যা আগের দিনের তুলনায় বেশি।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ভারতে নিয়মিতভাবে করোনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ৪৬ হাজার ৬০৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শুরু থেকেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখন পর্যন্ত সেখানে মোট ৫ লাখ ৮৪ হাজার ৭৫৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২০ জন। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৯ হাজার ৭৪৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২২ জনের।
সূত্র- আনন্দবাজার