
অনলাইন ডেস্ক:
লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সে কাফনের কাপড়ে মোড়ানো চারটি মরদেহ কুমিল্লা থেকে এলো ঢাকায়। তবে কাফনের কাপড় খুলতেই বেরিয়ে এলো হাজার বোতল ফেনসিডিল! এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২ হাজার বোতল ফেনসিডিলসহ লাশবাহী এ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস আটক করা হয়।
রাজধানীর শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার চারজন হলেন- মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে এ ধরনের অভিনব কায়দায় ফেনসিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা শহরে নিয়ে আসেন। এরপর ফেনসিডিলগুলো সুযোগ বুঝে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করেন। এ ঘটনায় শাহবাগ থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার